শাস্তি নয়, সচেতন করতেই আটক করা হয়েছে
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬ রাত ০৭:২৪:১৮
ভৈরব স্টেশনে ৯ শিক্ষার্থী আটক
স্কুল ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করে ভৈরবে ঘুরতে আসায় ৯ শিক্ষার্থীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং ট্রেনের ছাদে ভ্রমণ রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভৈরব স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২০ মে) দুপুরে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রা বিরতি করলে দেখা যায়, সাধারণ যাত্রীদের পাশাপাশি স্কুল ড্রেস পরিহিত কয়েকজন শিক্ষার্থীও ট্রেনের ছাদে রয়েছে। পরে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা নরসিংদীর রায়পুরা উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। তারা স্কুল ফাঁকি দিয়ে ভৈরবে ঘুরতে এসেছিল বলে স্বীকার করে।
পরে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে একটি করে কলম দিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, “ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে এবং সচেতনতা বাড়াতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজকের ঘটনায় ৯ শিক্ষার্থীকে আটক করে শপথ করানো হয়েছে এবং অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ প্রতিদিনই দেখা যায়। বিশেষ করে কিছু শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে এ ধরনের কাজে জড়িয়ে পড়ে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।