মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৪ জুন ২০২৬ রাত ০৬:১৫:২৬
যানজটমুক্ত হওয়ায় নবীনগরের বাঙ্গরা বাজারে ফিরেছে জনস্বস্তি
বৃহস্পতিবার ভোরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বাঙ্গরা বাজার এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত ব্যবসায়ীদের বাজারের ভেতরের গলিতে পুনর্বাসনের ব্যবস্থা করেছে বাজার কমিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে অস্থায়ী দোকানপাট স্থাপন করেছিলেন। এতে বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। পাশাপাশি পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় মূল সড়কের পাশে প্রায় ২৫ থেকে ৩০ ফুট জায়গা অবমুক্ত হয়েছে। ব্যবসায়ীদের বাজারের অভ্যন্তরে পুনর্বাসন করায় সড়কে এখন যানবাহন ও সাধারণ মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।
এদিকে, রাস্তা দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে বাজার এলাকায় যানজট কমবে এবং জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।