মোঃ তারাজুল ইসলাম, নীলফামারী (জলঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৭:১৮:৩২
জলঢাকায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে লাল গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নূর আলম ওরফে লাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে উপজেলার জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার দিন শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী নূর আলম খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে যৌন নির্যাতন করেন।
পরে শিশুটি বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা অভিযুক্ত নূর আলমের কাছে এর কারণ জানতে চান। সে সময় নূর আলম উল্টো ভুক্তভোগী পরিবারটিকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে তারা সামাজিক মীমাংসার উদ্যোগ নেন। তবে বেগতিক দেখে অভিযুক্ত নূর আলম এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে যান।
দীর্ঘদিন পলাতক থাকার পর, গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত নূর আলম কয়েকজন সহযোগীসহ পুনরায় ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে আবারও ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে জলঢাকা থানা পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নূর আলম ওরফে লাল এবং তার স্ত্রী সাতোয়ারা বেগমকে আসামি করে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৫০৬ ধারা সংযুক্ত করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মামলার প্রধান অভিযুক্ত নূর আলম ওরফে লালকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।