শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৩:১৭
মতলব উত্তরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের মেইন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এর সরাসরি প্রভাব পড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায়। বিদ্যুৎ না থাকায় অধিকাংশ পরীক্ষাকেন্দ্র অন্ধকারে ডুবে যায়। ফলে বাধ্য হয়ে মোমবাতি ও টর্চলাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে শত শত শিক্ষার্থীকে।
সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রাকৃতিক আলোও ছিল অপ্রতুল। এর সঙ্গে বিদ্যুৎ না থাকায় ফ্যান বন্ধ হয়ে গুমোট পরিবেশ সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য অসহনীয় হয়ে ওঠে। অনেক শিক্ষার্থী ঘাম ও অন্ধকারের মধ্যে প্রশ্নপত্র পড়তে হিমশিম খেয়েছে।
একাধিক পরীক্ষার্থী জানায়, এমন প্রতিকূল পরিবেশে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এতে তাদের পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবক আবুল কালাম সরকার বলেন, “পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকা কর্তৃপক্ষের চরম গাফিলতি।” তিনি আরও জানান, ঝড়-বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতেও ভোগান্তির শিকার হয়েছে।
স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষাকেন্দ্রগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।