কামাল হোসেন নয়ন, চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ বিকাল ০৩:৩৩:১৯
চৌদ্দগ্রামে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
কুমিল্লা চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা হৃদয় (২৫) নামে এক সিএনজি চালককে ধারালো চুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। বুধবার সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের আলোচিত মৃত হেদায়েতুল্লাহ হেদুর ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
জানা যায়, বুধবার রাত ৮টার সময় ধোড়করা বাজারের পূর্বপাশে প্রান্ত ও আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এই সময় দু পক্ষের মোটরসাইকেল সাইট নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনা ওইখানে শেষ হলেও পরে ঘোষতল গ্রামের রাজিব,প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোরগ্যাাং সদস্য বাজারে ওয়াসিমের গ্যারেজে সামনে তিনটি মোটরসাইকেল নিয়ে এসে শাকতলার গ্রামের লোকজন কে মারধর শুরু করে। ঘটনা চলাকালে শাকতলার গ্রামের সিএনজি চালক হৃদয় একই গ্যারেজে রাতে সিএনজি রাখার জন্য প্রবেশ করে। এসময় রাজিব, সিএনজি চালক হৃদয় কে ধারালো চুরি দিয়ে এলোপাতারী কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছে থেকে চা খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। লোকজনের মাধ্যমে আমি জানতে পারি তাকে কিশোরগ্যাং সদস্যরা ছুরি মেরে হত্যা করেছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে নয়টায় হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসে৷ আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযানে নেমে পড়েছি। তবে ঠিক কি কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে তা জানারও চেষ্টা করছি।অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কিনা তা আমরা খতিয়ে দেখছি।