রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬ রাত ১১:০০:২৭
আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী কূটনীতিক সাব্বির বিন শামস লালমনিরহাটে আটক
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন এবং জানান যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ওসি আরও জানান, এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সাব্বির বিন শামস প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক ছিলেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি যুক্তরাজ্যের University of Bath-এ পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন।