মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ০৬:৫৯:৫৫
গোপালগঞ্জে জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি বাবর, খালের অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ
গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। পরিদর্শনকালে খালের বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ ও জমে থাকা আবর্জনার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার বিষয়টি দেখে তা দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল ঘুরে দেখে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ বাঁধ এবং আবর্জনা অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি পৌরসভার সচিবকে অবৈধ বাঁধ অপসারণ এবং খাল পরিষ্কারের উদ্যোগ নিতে বলেন। পাশাপাশি এক দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অগ্রগতি জানাতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের কাছে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, কোথাও ড্রেন নির্মাণ হলেও রাস্তা হয়নি, আবার কোথাও রাস্তা থাকলেও ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। এছাড়া অনেক সড়ক এখনো মাটির বা ইটের হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ শোনার পর ডা. কে এম বাবর বলেন, বিশ্বব্যাংকের বিশেষ তহবিলের আওতায় গোপালগঞ্জ পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নকাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, নাগরিক দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে।
পরিদর্শনকালে তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ পাওয়া বিপুল অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে সেসব অনিয়মের প্রভাব কাটিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নাগরিক সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।