নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ রাত ০৭:১২:৩৯
নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ: পিটুনিতে আহত আসামি আইসিইউতে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের পিটুনিতে এক অভিযুক্ত গুরুতর আহত হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আরেক অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই দুই যুবক হলেন— বক্তাবলী এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। শনিবার (২৩ মে) সকালে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। এর আগে শুক্রবার (২২ মে) বিকেলে ফতুল্লার একটি গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও প্রথমে লোকলজ্জার ভয়ে কাউকে জানাননি। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো। সেখানেই তার চিকিৎসা চলছে।
তারা আরও জানান, রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরোকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গণপিটুনিতে গুরুতর আহত হিরো বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ছাড়া রাতে অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকেও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, আজ সকালে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় এসপি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ছয় বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা দুজনই পুলিশ হেফাজতে আছে।
এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিশুটির মেডিকেল টেস্টসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।