রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৪:৪৭:২৮
লালমনিরহাট সীমান্তে গরু ধরে নেওয়াকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা কাটাতারের ভেতরে ফিরে যায়।
জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।