চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ রাত ০৯:০০:০৩
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত আরও দুইজন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোরামী মির্জাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে শানখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ গোরামী মির্জাপুর গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে আব্দুল্লা মিয়া (৪৫) ও আব্দুল আজিজ (৪০)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন নিহতদের আরেক ভাই আবু তালিব এবং একই এলাকার মোহাম্মদ নুরুল হক (৪৪), তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাই মারা গেছেন। এছাড়া তাদের আরেক ভাইসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বাঁশের কুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।