ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪২:৩৫
ফুলপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দুর্ধর্ষ চুরি
রোববার সকালে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে এসে প্রধান দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সরকারি মালামাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা কার্যালয়ের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অফিস কক্ষ থেকে কম্পিউটার, প্রিন্টার, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের সরকারি মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনা বেগম বলেন, সরকারি অফিসে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি অফিসের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।