জাহাঙ্গীর আলম,নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬ দুপুর ০২:২৭:২১
নেত্রকোনার সাতপাইয়ের কুখ্যাত চোর পাখি গ্রেপ্তার
নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেলওয়ে কলোনী থেকে পূর্বধলা থানায় চুরি মামলার দুই কুখ্যাত আসামিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াসিম ও পাখি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গৃহচুরির সঙ্গে জড়িত। বিশেষ করে বাসাবাড়িতে চুরি সংঘটনে তারা অত্যন্ত কৌশলী বলে পুলিশের কাছে পরিচিত। তাদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পূর্বধলা থানা পুলিশ।
রোববার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ সাতপাই বড় স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সঙ্গে থাকা আরও একজন কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর দুই আসামিকে নেত্রকোনা মডেল থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পূর্বধলা থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে দুই আসামিকে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।