রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ রাত ০৯:৫২:১৫
সাভারে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের সভা, দোয়া ও আর্থিক অনুদান
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে সাভারে স্মরণসভা, দোয়া মাহফিল ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
স্মরণসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মদান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠানের অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।