কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ রাত ০৭:৫৮:৩৪
কোনাবাড়ীতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত
"কৌতূহলে মাদক নিলে জীবন হয়ে অর্থহীন, পরিবারে নেমে আসবে পূর্ণশূন্যতা সীমাহীন। মাদক সেবন বন্ধ করুন, সুশীল সমাজ গড়ে তুলুন—মাদককে না বলুন।" এ আহ্বানকে সামনে রেখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কোনাবাড়ী এম.এম. মাঠে এ সমাবেশের আয়োজন করে সুধীজন কোনাবাড়ী মেট্রো থানা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে "মাদককে না বলুন" এই আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।