রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ রাত ০৯:৪৫:৪৫
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করেছে জেলা প্রশাসন। গত ২৩ জুন অনুষ্ঠিত গণশুনানিতে স্থানীয়দের মতামত গ্রহণের পর নবগঠিত তিন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নাম অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম রহবল ইউনিয়ন রাখা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ-সংক্রান্ত রেজুলেশন অনুমোদন করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নামগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।