কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৭:৪৭:০৯
কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার (১৭ জুন) জনস্বার্থে পরিচালিত এ অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি চালিয়ে ফিজিশিয়ানস স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে পাঁচটি ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।