হীরা আহমেদ জাকির, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মে ২০২৬ বিকাল ০৫:৫০:৪৬
বিজয়নগরকে পরিকল্পিত উপশহর হিসেবে গড়ে তোলার দাবি, বাড়বে কর্মসংস্থান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-কে পরিকল্পিত উপশহর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
এলাকাবাসী জানান, উপজেলার সিমনা-বিবাড়িয়া সড়কের দুই পাশে হোটেল, রেস্টুরেন্ট, মিল-ফ্যাক্টরি ও বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
স্থানীয়দের মতে, বেকারত্ব বর্তমানে এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে জীবনমানেরও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
তারা আরও বলেন, খেলার মাঠ, পার্ক, কলেজ ও আধুনিক হাসপাতাল নির্মাণসহ প্রয়োজনীয় সামাজিক অবকাঠামো গড়ে তোলা হলে বিজয়নগর একটি আধুনিক ও বাসযোগ্য উপশহরে পরিণত হতে পারে।
প্রতিদিন বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের সিমনা-বিবাড়িয়া এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে ছুটির দিনগুলোতে সেখানে উপচে পড়া ভিড় থাকে, যা এলাকাটির ক্রমবর্ধমান গুরুত্ব ও সম্ভাবনার ইঙ্গিত দেয়। এছাড়া চরইসলামপুর ইউনিয়নের চরদত্তখলা এলাকার অভ্যন্তরীণ স্থানগুলোকে পর্যটন স্পট ও রিসোর্ট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় অর্থনীতি আরও চাঙা হতে পারে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে বিজয়নগর একদিন আধুনিক উপশহরে রূপ নেবে।”
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সঠিক নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং উন্নত যানবাহন ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা জরুরি। অন্যথায় অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি করতে পারে।
তাদের অভিমত, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিজয়নগরকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব।