কালকিনি, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ বিকাল ০৫:৪১:০৯
নদীভাঙন কবলিত পরিবারের পাশে সরকার থাকবে: খোকন তালুকদার
মাদারীপুরের কালকিনিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৯ মে) দুপুরে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের খুনেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এমপি খোকন তালুকদার বলেন, “নদীভাঙনের কারণে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, আমরা সেটি উপলব্ধি করতে পারছি। জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে আমি এবং আমার সরকার আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।