মো: সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০৬:৫২
সিদ্ধিরগঞ্জে ৩ মাসে কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ২৬১
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত গুরুত্বপূর্ণ এলাকা সিদ্ধিরগঞ্জে গত তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময়ে রিভলবার ও পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আনুমানিক ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত মে থেকে জুলাই মাস পর্যন্ত সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া, নিমাইকাসারী, বাঘমারা, আটি ওয়াপদা কলোনী, হাউজিং, সিআইখোলা, মাঝিপাড়া, চিত্তরঞ্জন ও সানারপাড়সহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মোট ১১৬টি মাদক মামলায় ১৭০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে শরীফ, হাবিব, সাথী, রিতা, আলমগীর, রিপন, বন্যা, রমজান, মোস্তাক, জাকারিয়া, হানিফ, পেটকাটা রুবেল ও মুরাদের মতো তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা রয়েছে। আসামিদের কাছ থেকে ৫৭ হাজার ৫২৩ পিস ইয়াবা, ৬১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৩ ৩৩ পুড়িয়া হেরোইন এবং ১৪৪ বোতল স্কাপ ও ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯০০ টাকা।
পৃথক ৩টি অস্ত্র মামলায় ৩ জনকে গ্রেফতারসহ ১টি রিভলবার, ১টি পিস্তল, ১টি পাইপগান এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১টি ডাকাতি ও ২টি ডাকাতি প্রস্তুতির মামলায় ১২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, চাপাতি, জিআই পাইপ এবং ডাকাতি করা ৬১৪ পিস কম্বলসহ একটি মাইক্রোবাস ও কভার্ডভ্যান জব্ধ করা হয়। এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে ১১টি মামলায় অন্যান্য ৮৮ জন আসামিকে আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আদমজী ইপিজেডসহ নানা শিল্পকারখানা থাকায় এ এলাকাটি ঘনবসতিপূর্ণ ও শ্রমিক অধ্যুষিত। এই সুযোগ কাজে লাগিয়ে ভাসমান অপরাধী ও মাদক চক্র সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। জনস্বার্থে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান তিনি পুলিশের এই কর্মকর্তা।