মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ১০:৪৬:১১
গঙ্গাচড়ায় গরুবাহী নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গরুবাহী নসিমনের চাপায় মিজানুর রহমান ভুট্টু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গঙ্গাচড়া-বেতগাড়ী সড়কের বড়বিল ইউনিয়নের মালিপের বাজার সংলগ্ন হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ভুট্টু উপজেলা সদর ইউনিয়নের ধামুর এলাকার মকবুল মিয়ার ছেলে। তিনি ভুট্টা ও তামাকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরিবারের সদস্যদের জন্য সঙ্গে বিস্কুট ও শক্তিপ্লাসও নিয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি গরুবাহী নসিমন আসতে দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে দাঁড়ান। এ সময় নসিমনের একটি অংশ তাঁর শরীরে আঘাত করলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। পরে নসিমনটি তাঁকে কিছুদূর টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।