ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৩
বাগেরহাটের রামপালে পচা গরুর মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা
রোববার (৭ জুন) সকালে ফয়লা বাজারে পরিচালিত মোবাইল কোর্টে এ আদেশ দেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা পচা মাংস পরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, হারুনর রশিদ দীর্ঘদিন ধরে গরুর মাংস ব্যবসার আড়ালে মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলেন। তারা তার মাংস বিক্রির লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এমন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।