বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৮ জন। আজ শুক্রবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে তারা মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত আসামিদের স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন এবং তাদের মুক্তির খবর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
আসামিদের মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১ জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ৭ জন মুক্তি পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
কারা কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। সকালে ১ জন এবং বিকেল সাড়ে চারটার দিকে আরও ৬ জনকে মুক্তি দেওয়া হয়। এছাড়াও, হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্ত আসামিরা কারা ফটকে তাঁদের স্বজনদের সঙ্গে আবেগঘন পরিবেশে সাক্ষাৎ করেন। একে অপরকে আঁকড়ে ধরে দীর্ঘ সময় কান্নায় ভেঙে পড়েন।
এই ঘটনার পর স্থানীয় জনগণ এবং মুক্তিপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্যদের মধ্যে এক ধরনের স্বস্তি ও উত্তেজনা দেখা যায়। তবে, মুক্তিপ্রাপ্তদের বিরুদ্ধে মামলার তদন্ত এবং আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।