নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৬:১১
পার নওগাঁয় মহিলা কলেজ স্থাপনের উদ্যোগ, বাড়বে নারী শিক্ষার সুযোগ
নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় একটি স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজটি প্রতিষ্ঠিত হলে স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ উদ্যোগকে ঘিরে জেলায় নারী শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নওগাঁর মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে পার নওগাঁসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে। একই সঙ্গে মেয়েদের উচ্চশিক্ষার জন্য দূরের শহরে যাওয়ার প্রয়োজনীয়তাও কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, সময়ের সঙ্গে নওগাঁয় শিক্ষার চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে আগামী ৫০ থেকে ১০০ বছরের শিক্ষার চাহিদা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
এ প্রসঙ্গে স্থানীয়রা নওগাঁ ডিগ্রি কলেজ ও বিএমসি কলেজ একীভূত হয়ে নওগাঁ সরকারি কলেজে রূপ নেওয়ার বিষয়টি তুলে ধরেন। তাদের মতে, জেলার ক্রমবর্ধমান উচ্চশিক্ষার চাহিদা পূরণে নতুন ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে পার নওগাঁয় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার মেয়েদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে এবং নারী শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁর পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কলেজটিকে ডিগ্রি কলেজে রূপান্তরের জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। মেয়েদের উচ্চশিক্ষার জন্য যেন বগুড়া, রাজশাহী কিংবা ঢাকায় যেতে না হয়, সে লক্ষ্য সামনে রেখে কলেজটিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।