কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৫ জুন ২০২৬ রাত ০৮:২৫:৪৮
মাদারীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, দুই ঘণ্টা অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট
স্থানীয় সূত্রে জানা যায়, আরিশা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। বাজার এলাকায় অবস্থানকালে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং প্রাণহানি রোধ করা সম্ভব হবে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এদিকে, আড়াই বছরের নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।