রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ রাত ১০:৩৪:৩১
বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নতুন ব্যানার, সংশোধন হলো ইংরেজি নামের বানান
বহুল আলোচিত বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে নতুন ব্যানার স্থাপন করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার পর প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি নামের বানান সংশোধন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজের নামও পরিবর্তন করে “University of Bogura” রাখা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা সরকারি নথি ও প্রচলিত বানানের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন।
বিশ্ববিদ্যালয় আইন পাসের পর প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপ হিসেবে প্রশাসনিক ভবনের মূল ফটকে নতুন ব্যানার স্থাপন করা হয়। সেখানে সংশোধিত ইংরেজি নাম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজের নামও পরিবর্তন করে “University of Bogura” করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং, আন্তর্জাতিক পরিচিতি এবং সরকারি নথিপত্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এ পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন পরিচয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও সুসংগঠিত ও গ্রহণযোগ্য হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন অনুযায়ী ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দাপ্তরিক নথি, সাইনবোর্ড, ওয়েবসাইট ও প্রকাশনায়ও সংশোধিত নাম ব্যবহার করা হবে।