রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ সকাল ০৯:২৬:১০
বগুড়ায় আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডকে শোকজ
বগুড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরপাড়ে সাইনবোর্ড স্থাপনের ঘটনায় জেলা প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন বগুড়া যুগ্ম জেলা জজ আদালত-২।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান।
মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলা-এর কোষাশ মৌজায় অবস্থিত প্রায় ৫ দশমিক ৯৯ একর আয়তনের ‘বিষলাল’ পুকুর সংস্কার ও পাড়ে সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পুকুরটি দীর্ঘদিন ধরে বাদীপক্ষ ভোগদখল করে আসছে বলে দাবি করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, পুকুর সংক্রান্ত মামলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুকুরপাড়ে বেআইনিভাবে সাইনবোর্ড স্থাপন করেন, যা আদালত অবমাননার শামিল।
এ ঘটনায় মনছের আলী সরদারসহ ১০ জন বাদী গত ২৯ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। এর আগে ২০২০ সালে একই সম্পত্তিকে কেন্দ্র করে মামলা (নং-৯৫/২০২০) দায়ের করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ৯ মে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
সর্বশেষ গত সোমবার বাদীপক্ষের আবেদন আমলে নিয়ে আদালত প্রশাসনের তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানি অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, সরকার পক্ষ থেকে পুকুরটিতে সাইনবোর্ড দেওয়া হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি জানা গেছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।