ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৭:০৬:৩৫
ভৈরবে অভিযানে প্রায় ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) শহরের রাণী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের বিভিন্ন জাল ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় আড়াই হাজার বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
অভিযানে ভোক্তা অধিকার আইনে রাণী বাজার এলাকার রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়, বিক্রয়, গুদামজাত ও বাজারজাত করার অপরাধে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়াকে ১ লাখ টাকা এবং একই অপরাধে রানা স্টোরের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে ভৈরব শহর ফাঁড়ি পুলিশের সদস্যরা।