নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ জুলাই ২০২৬ দুপুর ০২:০৬:৩৪
গাইবান্ধায় চাঞ্চল্যকর রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর রুমন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— এএইচএম রেজাউল করিম ছানা এবং তার ছেলে নাসিরুল আহসান আকিব
গেল বুধবার র্যাবের সহযোগিতায় গাজীপুরের মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনীর পূর্ব পিয়ারাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ ও ঝগড়া-বিবাদ হয়। এই ঘটনার একপর্যায়ে রুমন নামে এক ব্যক্তি গুরুতর আহত ও পরবর্তীতে নিহত হন। এই হত্যাকাণ্ডের পর গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিল। গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সদর থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। অবশেষে র্যাবের সহায়তায় ঘটনার প্রায় ১ মাস পর মূল আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুস্তাজুল ইসলাম এবং গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, অপরাধ দমন ও মামলার আসামি গ্রেফতারে জেলা পুলিশ নিয়মিত সফলতার সাথে কাজ করে যাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য বিষয় ও আইনি প্রক্রিয়া নিয়মানুযায়ী চলমান রয়েছে।