টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ রাত ০৯:২০:৪৯
গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কিশোরের
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নসিমনে থাকা রাজু শেখসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।
নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।