ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ সকাল ১০:২৫:৩৫
কক্সবাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
কক্সবাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (৫ জুন) দুপুরে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি মাছুয়াখালী খাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ উদ্যোগে পাতলি মাছুয়াখালী খালটি খনন করেছিলেন। পাশাপাশি তিনি খালের পাড়ে খেজুর গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৪ জুন তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে এসে খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, খালটি পূর্ণাঙ্গভাবে খনন করা হলে এলাকার প্রায় ৩৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
এরপর তিনি চৌফলদণ্ডী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের খনন করা বিভিন্ন খাল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম সাহাব উদ্দীন, মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী খ. ম. জুলফিকার তারেক, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।