কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ০৯:২০:১১
রৌমারীতে সেতুর সংযোগ সড়ক ধসে ঝুঁকিতে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
শনিবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামসংলগ্ন একটি খালের ওপর ৯৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ বাস্তবায়ন করে জামালপুর জেলার এমইএম এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী মো. সামসুদ্দিন দিলিপ।
স্থানীয়দের অভিযোগ, সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়া সেতুর দুই প্রান্তে প্রয়োজনীয় রিটার্নিং ওয়াল নির্মাণ না করেই কাজ অসমাপ্ত রেখে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান।
সম্প্রতি টানা বর্ষণে বৃষ্টির পানির প্রবল স্রোতে সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের বড় অংশ ধসে গিয়ে গভীর খাদ সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. সাজেদুল ইসলাম বলেন, "সেতুর কাজ শেষ হলেও রাস্তার কাজ এখনো বাকি। বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীরাও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দ্রুত মাটি ভরাট ও সংস্কারকাজ সম্পন্ন করলে সমস্যার সমাধান হবে।"
রৌমারী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, "জমির মালিকদের জটিলতার কারণে সেতুর দুই প্রান্তে রিটার্নিং ওয়ালের কাজ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, খুব দ্রুত সংস্কারকাজ শুরু হবে।"
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।