নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৩:২১:১৪
সাংবাদিকের সাথে অপেশাদার আচরণ: চ্যানেল এস-এ সংবাদ প্রকাশের পর মনোহরদী উপজেলা যুবদল নেতাকে শোকজ
নরসিংদীর মনোহরদীতে স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে উপজেলা যুবদলের শীর্ষ এক নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
১২ মে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ প্রদান করা হয়। অভিযুক্ত নেতার নাম মাসুদুর রহমান সোহাগ, যিনি মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, মাসুদুর রহমান সোহাগ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর সাথে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিষয়টি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে এবং একে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে এই ঘটনার জবাব দিতে হবে।
যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন যে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কোনো আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।