শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ রাত ০৬:৫৯:২৬
কসবায় কৃষিজমি ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট, সরকারি কাজে বাধা দেওয়ায় ১ বছরের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা এলাকায় কৃষিজমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি কাজে বাধা ও মোবাইল কোর্ট টিমকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে কৃষিজমি ভরাটের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, একটি কৃষিজমি ইতোমধ্যে ভরাট করা হয়েছে এবং আরও জমি ভরাটের প্রস্তুতি চলছিল। এ সময় জমি ভরাটে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হলে মো. জাহাঙ্গীর ভুইয়া (৫৫) মোবাইল কোর্ট টিমকে হুমকি দেন এবং সরকারি কর্মকর্তাদের ওপর আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. জাহাঙ্গীর ভুইয়াকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, এর আগেও শ্যামবাড়ী বিল থেকে মাটি কেটে কৃষিজমি ও জলাশয় ভরাট বন্ধে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিকবার অভিযান পরিচালনা করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।