কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৯:৫৪
অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে আনন্দের মাঝেই নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। টানা অতিবৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে পাকা ধানক্ষেত। বিশেষ করে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে খোয়াই নদীর পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
গত তিন দিনের ভারী বর্ষণে হাওরের বিস্তীর্ণ এলাকায় পানি জমে গেছে। এতে করে কৃষকের স্বপ্নের সোনালী ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। শুধু জমিই নয়, ধান শুকানোর খলাতেও পানি জমে থাকায় মাড়াই ও সংরক্ষণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।
নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়। আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন হাওর এলাকায় পানি বাড়ছে। অনেক নিম্নাঞ্চলের বোরো ধান ইতোমধ্যে তলিয়ে গেছে এবং কোথাও কোথাও পানি আরও বাড়ছে। অষ্টগ্রাম উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুর উপজেলার হাওর এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমিতে পানি বেড়ে যাওয়ায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতেও সমস্যা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর জমিতে। এ বছর জেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৬৮৬ টন। এখন পর্যন্ত হাওরাঞ্চলের প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকার কৃষক ফুল মিয়া বলেন, “অতিবৃষ্টিতে আমাদের এলাকার শত শত একর ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জমিতে পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না। চোখের সামনে কষ্টের ফসল ডুবে যাচ্ছে, আমরা অসহায়।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ চলছে এবং দ্রুত একটি প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে। তিনি বলেন, অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকায় খোয়াই নদীর পানি ঢুকে পাকা ধানক্ষেত তলিয়ে গেছে।
অন্যদিকে, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, এখনও হাওরের পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম বন্যার ঝুঁকি এড়াতে ধান ৮০ শতাংশ পাকলেই দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল।