নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ১০:৫৫:৪৩
নরসিংদীতে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি বাইক
নরসিংদীতে বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সারা দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) সকালে সদর মডেল থানাধীন পাঁচদোনা এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাইফুল ইসলাম (২০) ও মো. ইমরান হোসেন (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নরসিংদীর বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে চক্রটির কাছ থেকে মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রের আরও ৪-৫ জন সদস্য পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।