নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ রাত ০৭:৪৯:৪৮
আদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ: দুই আসামির একদিনের রিমান্ড
নরসিংদী আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২০ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন—নরসিংদী শহরের বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) ও ছাদু মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)। তারা উভয়েই বিলাসদী এলাকার বাসিন্দা।
এর আগে শুক্রবার নরসিংদী মডেল থানার বিলাসদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে ব্যবসায়ী লিখন তালুকদার (৩৫) একটি চেকের মামলায় হাজিরা দিতে নরসিংদী আদালতে আসেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার পর এজাহারনামীয় আসামি মাসুদ রানা বাবুলসহ অন্য আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তার স্ত্রীকে ফোনে রেখে মারধরের মাধ্যমে ভয় দেখিয়ে ১ লাখ ১৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালত তাদের প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।