ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ১০:১০:৩৮
ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ মাদক কারবারি আটক
আটক ব্যক্তিরা হলেন— পঞ্চবটি পুকুরপাড় এলাকার রমজান মিয়ার মেয়ে বকুলি বেগম (৩৮), কাকলি বেগম (৩২), চম্পা বেগম (২৫), বকুলি বেগমের মেয়ে বীথি বেগম (১৯) এবং একই এলাকার ধন মিয়া (৬৫)। আটক চার নারী সম্পর্কে আপন তিন বোন ও একজন তাদের পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুর নেতৃত্বে এলাকার যুব সমাজ উল্লিখিত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালায়। এসময় বকুলি বেগমের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ধন মিয়ার বসতঘর থেকে চারটি ধারালো অস্ত্র ও ২০০ পিস হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
খবর পেয়ে ভৈরব থানার এসআই আল মোমেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, ভৈরব শহরের পঞ্চবটি এলাকা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ মাদকের কেনাবেচা হয় বলে দাবি করেন এলাকাবাসী।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন,
“পুকুরপাড় এলাকাটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কিছু শীর্ষ মাদক কারবারির কারণে এলাকাটি মাদকপল্লি হিসেবে পরিচিতি পেয়েছে। এতে আমরা সামাজিকভাবে বিব্রত হচ্ছি। যুব সমাজকে রক্ষা করতে এলাকাবাসী উদ্যোগ নিয়েছে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।”
এ বিষয়ে এসআই আল মোমেনের কাছে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান,
“শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। আজ পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”