ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ০৬:৪০:০৭
ধোবাউড়ার গোয়াতলায় অস্থায়ী কাঠের সেতু উদ্বোধন, এক মাসের দুর্ভোগের অবসান
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে ট্রাক দুর্ঘটনায় সেতু ভেঙে যাওয়ার পর প্রায় এক মাস ধরে চরম দুর্ভোগে ছিলেন হাজারো মানুষ। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছিল। অবশেষে তাদের দুর্ভোগ লাঘবে নির্মিত অস্থায়ী কাঠের 'ফিফটি-ফিফটি' সেতুর উদ্বোধন করা হয়েছে।
সেতুটির উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোসারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকিরুল ইসলাম টুটন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেলের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে অস্থায়ী এই সেতু নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এটি একটি সাময়িক ব্যবস্থা। ইতোমধ্যে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। কার্যাদেশ পাওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলেও জানানো হয়।
উদ্বোধনের পরপরই সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে গোয়াতলাসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।