মোখলেছুর রহমান, কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ বিকাল ০৩:৩৯:১২
মে দিবস উপলক্ষে কোনাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহান মে দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন 'কোনাবাড়ী বাসী ব্লাড ফাউন্ডেশন'-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাবুল হোসেন ফাউন্ডেশন ও পিজ্জা মেকারের সার্বিক সহযোগিতায় এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল কোনাবাড়ী প্রেসক্লাব। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
ক্যাম্পের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী, পোশাক কারখানার শ্রমিক ও শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হয়। মে দিবসের ছুটিতে শ্রমজীবী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন, অনেক শ্রমিক ও দরিদ্র মানুষ তাদের রক্তের গ্রুপ জানেন না কিংবা চোখের সমস্যা থাকলেও পরীক্ষা করান না। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা রক্তের গ্রুপ পরীক্ষা ও চশমা দেওয়ার এই পদক্ষেপ নিয়েছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুল হোসেন বলেন, 'কোনাবাড়ী বাসী' গ্রুপটি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের সমস্যা সমাধানে তাদের এই মহতী উদ্যোগকে উৎসাহিত করতে আমি এখানে এসেছি। তাদের সকল জনকল্যাণমূলক কাজে আমি সবসময় পাশে থাকবো।