পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬ বিকাল ০৫:৫৪:২১
পাবনায় জোড়া খুনের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
বিক্ষোভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পার হলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ কারণে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে নিহতদের পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে এসে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি মামলার অগ্রগতির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য-উপাত্ত হাতে পাওয়া গেলে চার্জশিট দাখিল করা হবে। তদন্ত শেষে আদালতের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময়ের যানজটের কারণে সড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।