জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ রাত ০৬:৪৩:৩৯
ফ্যাসিস্টের দোসর ‘চুপ্পু’কে গ্রেফতার করে বিচারের দাবি নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)কে শারীরিক অসুস্থতার অজুহাতে কোনো ধরনের ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি শারীরিক অবস্থার সঙ্গে যুক্ত করে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আমরা বুঝতে পারছি এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট কী। আমাদের মতে, সরকার গঠনের পরই সাবেক রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ, দুর্নীতি, গণহত্যা এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি আমাদের যে অঙ্গীকার, তা বাস্তবায়নে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।”
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, পুলিশ ও প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি-লুটপাট বন্ধ না হলে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আমরা একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই আন্দোলন করিনি।”
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সেসব থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি জানান।
নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এছাড়া বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং জেলা এনসিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।