শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৭:২০
কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নারী পরীক্ষার্থী ও সহযোগী আটক, জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা কথিত ভুয়া প্রবেশপত্র দিয়ে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া জান্নাত তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এতে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হলে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, “প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় মিল না থাকায় আমরা বিষয়টি নিশ্চিত হই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়।”
ঘটনার পর আটক দুইজনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, “ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে গিয়ে তারা আটক হয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।”