মো. শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ০৭:১২:২৯
গঙ্গাচড়ায় বন্যার পানিতে শিশুর মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন
তিস্তার উজানের ঢলে সৃষ্ট বন্যার পানিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বাগেরহাট আবাসন এলাকায় নাহিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই পরিবারের দুই সন্তান কয়েক বছরের ব্যবধানে পানিতে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নাহিদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বিকেলে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। নিহত নাহিদের বাবা মেনাজুল (৩৫) কর্মসূত্রে কুমিল্লায় অবস্থান করছিলেন। ঘটনার সময় তার মা নাজমা বেগম বাড়িতেই ছিলেন।
এলাকাবাসী জানান, প্রায় চার বছর আগে একইভাবে পানিতে ডুবে নাহিদের বড় ভাই নাজমুলের মৃত্যু হয়েছিল। একই পরিবারের দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
মঙ্গলবার (৩০ জুন) নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সজিবুল করিম এবং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাদী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “বন্যার কারণে পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নাহিদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারটির পাশে রয়েছি। সবাইকে, বিশেষ করে ছোট শিশুদের বন্যার পানির আশপাশে একা যেতে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, “শিশুটির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বন্যাকালে সবাইকে শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।”