মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১১:২১:১৫
শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ উপহার: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়
চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শ্রীমঙ্গলে এক নবদম্পতিকে ব্যতিক্রমী উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বন্ধুরা। বৌভাত অনুষ্ঠানে প্রচলিত উপহারের বদলে তারা নবদম্পতির জন্য নিয়ে আসেন ৫ লিটার অকটেন, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার উত্তরসুর গ্রামের সুমন পাল ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পাল বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৌভাত অনুষ্ঠানে অতিথিরা যখন নানান উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হন, তখন বরের ঘনিষ্ঠ বন্ধু রাজেশ, দীপ্ত, নারায়ন, রুপন ও রাজন হাজির হন ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে। তারা প্লাস্টিকের তিনটি বোতলে করে ৫ লিটার অকটেন সুন্দরভাবে সাজিয়ে নবদম্পতির হাতে তুলে দেন।
বন্ধুরা জানান, বর্তমান জ্বালানি সংকটের কারণে তেল সংগ্রহে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করেই তারা এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে নবদম্পতিকে মোটরসাইকেলের জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়।
এমন অভিনব উপহার পেয়ে নবদম্পতি যেমন আনন্দিত হয়েছেন, তেমনি উপস্থিত অতিথিদের মধ্যেও সৃষ্টি হয় কৌতূহল ও হাস্যরসের পরিবেশ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই একে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।