ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ দুপুর ০২:৩১:৫৪
ভৈরবে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, নারী-পুরুষসহ ২০ জন আহত
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকার একই বংশের মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা।
আহতদের মধ্যে পাপ্পু মিয়া (২৫), বিলকিস বেগম (৪৫), আবুল বাশার (৪৫), রাকিবুল ইসলাম (২৫), নাঈম মিয়া (২২), ইসমাইল মিয়া (৪০), জুয়েল মিয়া (২২), সগির আহমেদ (৩২), রাজু মিয়া (৩০), সুমন মিয়া (৩০), জহির মিয়া (২৮), অপু মিয়া (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির দ্বন্দ্ব চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই বংশের মধ্যে বিরোধ মিটিয়ে এক্যবদ্ধ হোন দুই বংশ। নির্বাচনের পর কিছুদিন পূর্বে মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া নামে এক যুবক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ বিষয়ে নিয়ে দিল মোহাম্মদের বাড়ির সৌদী আরব প্রবাসী আনোয়ার এর সাথে ফরহাদের সৌদি আরবেই ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে
মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া দেশে আসেন। আজ সকাল ৮টায় ভবানীপুর চকবাজারে মধু মুন্সি বাড়ির উজ্বল মিয়ার সাথে দিল মুহাম্মদের বাড়ির মাসুম মিয়া, মুক্তার মিয়া ও ইসমাইল মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উজ্জ্বল মিয়াকে মারধরও করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি চলা টেঁটা ও ইটপাটকেল ছুড়া যুদ্ধে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছে।