চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ বিকাল ০৫:২৫:০৬
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান (পিতা: ইদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।
আটক খলিলুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া গ্রামের বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।