খন্দকার মো. আলমগীর হোসেন , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ দুপুর ০২:২৮:০৬
নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এম পি আব্দুল মান্নান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার নবীনগর-গোপালপুর সড়কে গাছের চারা রোপণ ও উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়দের মধ্যে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় এমপি আব্দুল মান্নান বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার-৫ আসনের নবীনগর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিন নবীনগর গোপালপুর সরকের পাশে সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
এমপি জানান, পর্যায়ক্রমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, সড়কের দুই পাশসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফেরদৌস রহমান, পিআইও মো: সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।