জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৫৮
নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে নিহত ৩
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সকালে উপজেলার জগন্নাথপুর এলাকার ফেরিঘাট সংলগ্ন ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান এক মৎস্য শিকারি। নিহত আব্দুল মোতালিব (৫৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।
অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক মোনায়েম খাঁ। একই সময়ে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মণ্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল মোতালিব ধনু নদীতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু ঘটে।
এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। তিনি জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, চলতি মৌসুমে হাওর এলাকায় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।