কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬ রাত ০৯:৪৪:৫৬
তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার, স্বামী ও কেয়ারটেকার আটক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায় তালাবদ্ধ ঘর থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজুর বাড়ির টিনশেড কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. বাবু (৩৫) এবং বাসার কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করেছে পুলিশ।
নিহত ফারজানা আক্তার রাজধানীর মিরপুরের বিহারি পট্টি এলাকার আইয়ুব আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ির টিনশেড কলোনির একটি কক্ষ থেকে আগুনে পোড়া দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয়রা টিনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ফারজানার আগুনে পোড়া মরদেহ দেখতে পান।
তাৎক্ষণিকভাবে স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী বাবু দাবি করেন, বাসার কেয়ারটেকার রোমানের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। তিনি বলেন, “সন্ধ্যার সময় স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে কোনাবাড়ী বাজারে যাই। পরে খবর পাই, আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে।”
তিনি আরও জানান, ঘরের ভেতর থেকে কেরোসিন তেলের একটি বোতল উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, “ফারজানা আক্তার নামে এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”