আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ দুপুর ০২:২৪:৩৯
আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, উত্তাল জনপদ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর চালায়।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতিন জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা ছিলেন।
জানা গেছে, বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন ওসমান গণির ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসমান গণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বড় বিনাইরচরসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।